উখিয়ায় অটোরিকশাসহ ৩ ডাকাত আটক 

by Desh Sarakkhon
০ comments

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় সেহরির সময় ডাকাতির চেষ্টাকালে তিন ডাকাতকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন গ্রামবাসী। এ সময় তাদের ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়।

শনিবার (৭ মার্চ) রাতে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের শেষভাগে একদল দুর্বৃত্ত একটি বাড়ির গোয়ালঘর থেকে গরু বের করে নেয়ার পর পাশের একটি ঘরে প্রবেশের চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে গৃহকর্তা কৌশলে তাদের আটকে রাখার চেষ্টা করেন এবং মসজিদের মাইকে ‘ডাকাত আইস্যে’ ঘোষণা দেয়া হয়। ঘোষণা শুনে আশপাশের ঘর থেকে প্রায় পুরো গ্রামের মানুষ বেরিয়ে এসে দুর্বৃত্তদের ধাওয়া দেন।এ সময় পালানোর চেষ্টা করলে অটোরিকশাসহ তিন যুবককে আটক করতে সক্ষম হন গ্রামবাসী। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকরা হলেন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার বদিউল আলমের ছেলে ছৈয়দ নুর (২৫), একই এলাকার পেঠান আলীর ছেলে জসিম উদ্দিন (২৪) এবং জুম্মাপাড়া এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ রায়হান (২৫)।

স্থানীয় সামাজিক সংগঠন দীপ্তি জাগরণ ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়েছে। দুই দিন আগেও গ্রামের আব্দুর রহিমের একটি গরু চুরি হয়েছে। আজ তারা আলী ভাইয়ের বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে তাদের আটক করতে সক্ষম হয়েছে। এটি উপকূলীয় এলাকা; সবাই একসঙ্গে না হলে বড় ধরনের ঘটনা ঘটতে পারত।

এ ব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক দুর্জয় সরকার সত্যতা নিশ্চিত করেন।

ডিএস/ বিআর

You may also like

Leave a Comment