চকরিয়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

by Desh Sarakkhon
০ comments

চকরিয়া প্রতিনিধি

চকরিয়ায় নির্মাণাধীন একটি তিনতলা ভবনের পলেস্তারার কাজ করার সময় অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহিত উদ্দিন সাগর (৩৩) ও ওসমান গণি (১৭) নামে দুইজন নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার( ২ ফেব্রুয়ারি) দুপুর বারোটার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের খুটাখালী বাজারের পূর্বাংশে মৌলভী মমতাজের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।

নিহত দুইজনের নিকটআত্মীয় ডুলাহাজারা কলেজ ছাত্রদল আহবায়ক আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের আবু তাহেরে ছেলে মুহিত উদ্দিন সাগর (৩৩) ও একই এলাকার মোহাম্মদ জোহারের ছেলে মোহাম্মদ ওসমান গণি (১৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুটাখালী বাজারের পূর্ব পাশের মৌলভী মমতাজের নির্মাণাধীণ একটি তিন তলা ভবনের পলেস্তারার কাজ করেছিল ৩ জন শ্রমিক। ওই ভবন ঘেঁষে হাই ভোল্টেজের বৈদ্যুতিক লাইন চালু ছিল। সোমবার সকালে এসে নির্মাণ শ্রমিকেরা ভবনের পলেস্তারার কাজ করছিল। দুপুর বারোটার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত মুহিত উদ্দিন সাগর প্রথমে লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঝাঁকুনিতে অপর শ্রমিক ওসমান নিচে পড়ে যান। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাদের দ্রুত উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নির্মাণশ্রমিক মারা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিআর/

You may also like

Leave a Comment