চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সচল আছে: বন্দর চেয়ারম্যান

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদকঃ

বন্দরের কার্যক্রম সচল আছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এসএম মনিরুজ্জামান।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে বন্দর ভবনের সামনে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি করেন।

কিন্তু পৌনে ১টায় বন্দর ভবনের বিপরীতে ৪ নম্বর জেটি গেটে এবং দুপুর ১টা ২০ মিনিটে বন্দরের এনসিটি গেটে গিয়ে কোনো যানবাহন দেখা যায়নি।

রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, বন্দরকে হাইজ্যাক করে জনগণকে জিম্মি করে কিছু বিপথগামী কর্মচারী এই পথ বেছে নিয়েছে। আমরা রাষ্ট্রের কর্মচারী-কর্মকর্তা। আমাদের আনুগত্য থাকবে রাষ্ট্রের প্রতি। বন্দর যে আইনে চলে, সেই আইনের প্রতি এবং প্রতিষ্ঠানের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। কেউ যদি বিপথগামী হয়ে অন্য কারো আনুগত্য বেছে নেয়, সেটা কর্মকর্তা-কর্মচারী আচরণ বিধির সম্পূর্ণ পরিপন্থি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, যারা এসব করছে তারা রাষ্ট্রের বিরুদ্ধে ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রমজানের আগে এ ধরনের একটা কাজ করে জনমনে অসন্তোষ সৃষ্টির পরিকল্পনা করছে তারা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্দর সচল আছে। আমি ২ ঘণ্টা বন্দরের কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছি। তারা সবাই কাজে যাবে। কেউ বাধা দিবে না।

বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার বিষয়ে সমঝোতা শেষ হয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নেগোসিয়েশন এখনো শেষ হয়নি। কবে শেষ হবে আমরা বলতে পারি না।

রাজনৈতিক ইন্ধন আছে কিনা জানতে চাইলে বলেন, এটা গোয়েন্দা সংস্থা বলতে পারবে।
বিআর/

You may also like

Leave a Comment