নিজস্ব প্রতিবেদক:
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর-আলিপুর এলাকায় প্রতিষ্ঠিত অস্থায়ী ক্যাম্প পরিদর্শন ও স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন।
বুধবার (১১ মার্চ) পরিদর্শনকালে তিনি উক্ত এলাকায় স্থাপিত পুলিশ ক্যাম্পগুলোর দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান পুলিশি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ সুপার স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা ও এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় পুলিশ সুপার বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় কোনধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধমূলক কার্যক্রম বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকার স্থানীয় জনগণকে আইনসম্মত সকল কার্যক্রমে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। এলাকায় সরকারি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে পুলিশ প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সবসময় তাদের পাশে থাকবে।
ডিএস/ বিআর
