ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি জোটকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, কার্যকরি সভাপতি আয়ান শর্মা, সাধারণ সম্পাদক লায়ন আর. কে দাশ রুপু ও কার্যকরি সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ এক যুক্ত বিবৃতিতে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই শুভেচ্ছা জানান।
একইভাবে শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য অন্তর্বতীকালীন সরকার, নির্বাচন কমিশন, সিভিল প্রশাসন, সকল রাজনৈতিক দল, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা মনেকরি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে রেইনবো নেশন গড়ে উঠবে। যেখানে সকল ধর্মের মানুষ নিরাপত্তা পাবে, শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং তাদের নিজ নিজ উৎসব পালন করবে। ঐক্যবদ্ধভাবে সকল শ্রেণিপেশা, ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে সুখী, সমৃদ্ধ ও কাক্সিক্ষত অসাম্প্রদায়িক দেশ গঠনে তিনি বিশেষ ভূমিকা রাখবেন।
