নিজস্ব প্রতিবেদক:
নগরের চন্দনপুরায় এক ব্যবসায়ীর বাসভবন লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার পর ‘এস ড্রাইভ’ অভিযান পরিচালনা করে মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
রবিবার (১ মার্চ) রাতে নগরীর ১৬টি থানা এলাকায় একযোগে পরিচালিত এ অভিযানে মোট ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে কোতোয়ালী থানা এলাকায় ১৩ জন, সদরঘাটে ৩ জন, চকবাজারে ৪ জন, বাকলিয়ায় ৩ জন, খুলশীতে ২ জন, বায়েজিদে ৮ জন, পাঁচলাইশে ৩ জন, চান্দগাঁওয়ে ৬ জন, পাহাড়তলীতে ১ জন, আকবরশাহে ২ জন, ডবলমুরিংয়ে ৫ জন, বন্দরে ১ জন, ইপিজেডে ৪ জন, পতেঙ্গায় ৮ জন এবং কর্ণফুলীতে ২ জন গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে মাদক সংক্রান্ত মামলায় ৫ জন, ছিনতাইকারী ৪১ জন, চাঁদাবাজ ৫ জন, জুয়াড়ি ২ জন এবং কিশোর গ্যাংয়ের ১২ সদস্য রয়েছেন। অভিযানে একটি দেশীয় এলজি, তিনটি ছোরা, শর্টগানের ১২টি কার্তুজ, পিস্তলের ১০ রাউন্ড গুলি, দুটি ছুরি, তিনটি দা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
এছাড়া অভিযানে ৪৬৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে বাকলিয়া থানা এলাকা থেকে ১শত পিস, বায়েজিদ থানা এলাকা থেকে ১৪ পিস, বন্দর থানা এলাকা থেকে ৪৭ পিস পরিত্যক্ত অবস্থায়, ইপিজেড থানা এলাকা থেকে ২শত পিস এবং পতেঙ্গা থানা এলাকা থেকে ১শত ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী জানান, একযোগে অভিযান পরিচালনার উদ্দেশ্য হলো কোনো একটি স্থানে হানা দিলে যাতে অন্যস্থানে থাকা অপরাধীরা পালিয়ে যেতে না পারে। সে কারণে ওসি থেকে অতিরিক্ত কমিশনার পর্যন্ত সব পর্যায়ের কর্মকর্তা এই অভিযানে অংশ নিয়েছেন।
বিআর/
