নতুন সরকারের প্রতি বিদেশিদের গভীর আস্থা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

by Desh Sarakkhon
০ comments

ঢাকা অফিসঃ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, নতুন সরকারের প্রতি বিদেশিদের গভীর আস্থা রয়েছে। তারা সকলেই আমাদের সঙ্গে কাজ করতে গভীর আগ্রহ প্রকাশ করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা।

বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গতকাল থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক হয়েছে। তাদের কাছে আমাদের বৈদেশিক নীতির আউটলাইন বলেছি। আমরা বলেছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। সবার ওপরে বাংলাদেশ।

তিনি আরও বলেন, আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, জাতীয় মর্যাদা—এসব নীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। প্রতিটি দেশের সঙ্গেই পারস্পরিক লাভবান সম্পর্ক গড়ে তুলতে চাই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এ পর্যন্ত যাদের সঙ্গে বৈঠক করেছি সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন রাষ্ট্রদূত, তারা সকলেই আমাদের প্রতি গভীর আস্থা রেখেছেন। তারা সকলেই আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী, সেটা আমরা দেখেছি।

আমরাও বলেছি, তাদের সঙ্গে আমরা গভীর সম্পর্ক গড়তে আগ্রহী।
তিনি আরও বলেন, আমাদের যেসব ইস্যু আছে, সেগুলো পারস্পরিক সম্মান ও মর্যাদাপূর্ণভাবে সমাধান করতে পারব, যেন সকলের স্বার্থ ও আমাদের স্বার্থ সুরক্ষিত হয়।
বিআর/

You may also like

Leave a Comment