আন্তর্জাতিক ডেক্স:
যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ান্ট এমপির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।
মঙ্গলবার (১০ মার্চ) লন্ডনে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও বহুমুখী সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের সমুদ্র অর্থনীতি খাতে বিনিয়োগ, ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের সম্প্রসারণ, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও ব্যাবসায়িক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন উপায় নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষ।
এ সময়, চলতি মাসের শেষদিকে ক্যামেরুনে অনুষ্ঠাতব্য ১৪তম ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনের আগে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারেও সম্মত হন তারা।
এদিকে, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে, দুই দেশের মধ্যে বিমান চলাচল খাতে সম্ভাব্য সহযোগিতা এবং বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এ খাতের উন্নয়ন ও সহযোগিতা বাড়াতে প্রতিনিধিদল দুটি পৃথক বৈঠকও করে।
এছাড়া, ২০২৭–২০৩৬ মেয়াদের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক পদে যুক্তরাজ্যের প্রার্থী অধ্যাপক দাপো আকান্দে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করে তার প্রার্থিতা উপস্থাপন করেন।
বৈঠকে দুই দেশ বিভিন্ন বহুপাক্ষিক ফোরাম ও আন্তঃসরকারি নির্বাচনে বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে। পাশাপাশি আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক ক্ষেত্রে ভবিষ্যতে এই অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
ডিএস/ বিআর
