নিজস্ব প্রতিবেদক :
সীতাকুণ্ডের ইকোপার্কে শিশু ধর্ষণ ও গলা কেটে হত্যার শিকার ইরার পরিবার ও গ্রামবাসীর সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে তারা সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সাথেও মতবিনিময় করেন।
সোমবার (৯ মার্চ) দুপুরে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরার মাস্টার পাড়ায় সাক্ষাৎ ও এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম ফোরকান আবু এবং সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী।
প্রতিনিধি দলে ছিলেন, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, চট্টগ্রাম জেলার আহ্বায়ক আসমা আক্তার, সদস্য রিপা মজুমদার, ছাত্র প্রতিনিধি তারমিন তিশা এবং নীতিশ নাথ।
তারা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে ইরার বাবা-মায়ের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের পক্ষ থেকে শিশু ইরা হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত এবং ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে ও দোষী ব্যক্তির বিচারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, সীতাকুন্ড ইকোপার্কে বেড়াতে এসে সাধারণ মানুষ ছিনতাই, নারীর যৌন হয়রানি, খুন হওয়ার ঘটনা ইতোপূর্বেও ঘটেছে। একটি বিনোদন কেন্দ্র হিসেবে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের নেতৃবৃন্দরা।
ডিএস / বিআর
