ঢাকা অফিস;
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে দেড় বছরের এক শিশুকন্যা। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়েছে।
এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে গুরুতর আহত শিশুটির চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, বুধবার (১৮ মার্চ) সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস ১২ জন যাত্রী নিয়ে শেরপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে একজন মারা যান। পরে আহত ব্যক্তিদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটির মা-বাবাসহ আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।
বগুড়া জেলা প্রশাসন জানিয়েছে, নিহত ব্যক্তিদের মরদেহগুলো কাউনিয়া উপজেলার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে, সেখানেই তাঁদের দাফন করা হবে। নিহত ব্যক্তিরা ঢাকা থেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ করতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
ডিএস/বিআর
