সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবক নিহত

by Desh Sarakkhon
০ comments

সীতাকুণ্ড প্রতিনিধি:

সীতাকুণ্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সজিব নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

নিহত সজিব মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা গ্রামের শাহ আলমের ছেলে। তিনি স্থানীয় এক গ্যারেজে চাকরি করতেন, এ গ্যারেজটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিনের মালিকানাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ মার্চ) সকাল প্রায় ১০টার দিকে মুরাদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে যুবদল নেতা শাহাবুদ্দিন ও আলিমের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যার দিকে এ ঘটনার জেরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

আলিমের স্ত্রী তাহমিনা আক্তার অভিযোগ করেন, স্থানীয় বাসিন্দারা তার স্বামীকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করছিলেন। কিন্তু শাহাবুদ্দিন বিষয়টি মেনে নিতে পারছিলেন না। মঙ্গলবার ইউনিয়ন পরিষদে চাল বিতরণকে কেন্দ্র করে আলিম ও শাহাবুদ্দিনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা পরে বড় সংঘর্ষের দিকে গড়ায়।

তার দাবি, সন্ধ্যার দিকে শাহাবুদ্দিনের অনুসারীরা চারটি সিএনজি ও দুটি মোটরসাইকেলে এসে এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং হামলা চালায়। এ সময় স্থানীয় লোকজন প্রতিরোধ গড়ে তুললে কয়েকজন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

অন্যদিকে শাহাবুদ্দিন বলেন, এলাকায় একটি রিকশার ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে আগে একটি সালিশি বৈঠক হয়েছিল। তিনি ভুক্তভোগীর পক্ষে অবস্থান নেন আর আলিম অভিযুক্তের পক্ষে ছিলেন। পরে ২০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা হলেও ওই অর্থের জামিনদার হন আলিম। নির্ধারিত সময় পার হলেও টাকা পরিশোধ না করায় বিষয়টি নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।

তিনি আরও বলেন, মঙ্গলবার তার উদ্যোগে এলাকায় একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার শেষে সজিবসহ কয়েকজন অনুসারী সিএনজিতে করে গোপ্তাখালী এলাকায় গেলে সেখানে আলিমের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। ওই হামলায় সজিব নিহত হন বলে তিনি দাবি করেন।

সীতাকুণ্ড মডেল থানার কর্মকর্তা মহিনুর ইসলাম জানান, সম্ভাব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সজিব নামে একজন নিহত এবং অন্তত ৭–৮ জন আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment