নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মান পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে। হাসপাতালের স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করতে হলে চিকিৎসক-কর্মকর্তা-নার্স ও কর্মচারীদেরকে আরও আন্তরিক হতে হবে। হাসপাতালের ইনডোর, আউটডোর ও জরুরী বিভাগে রোগীরা যাতে তাদের কাঙ্খিত চিকিৎসাসেবা পায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এ হাসপাতালের সার্বিক উন্নয়নে সরকারীভাবে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন সাংসদ আবু সুফিয়ান।
মঙ্গলবার ( ২৪ ফেব্রুয়ারি) হাসপাতালের আইসিইউ বিভাগে ডায়ালাইসিস সেবা স্থাপনের সম্ভাব্যতা যাচাই পরিদর্শন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
এসময় তিনি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও রোগীদের সাথে কথা বলে সন্তোষ প্রকাশসহ কিডনি রোগীদের চিকিৎসাসহ আইসিইউতে ডায়ালাইসি সেন্টার স্থাপনের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মোঃ একরাম হোসেনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক (এনেস্থেসিওলজি) ডা. মৌমিতা দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. বেলায়েত হোসেন ঢালী, ড্যাব’র সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম, ড্যাব’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. সরোয়ার আলম, বিশিষ্ট সমাজসেবক মোঃ ইকবাল, টেরিবাজার ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির সভাপতি আবদুল মান্নান ও বিশিষ্ট সমাজসেবক হারুন জামান। আলোচনা সভায় জেনারেল হাসপাতালের ইতিহাস ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তথ্যবহুল ডকুমেন্টরি উপস্থাপন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ একরাম হোসেন। এসময় জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগের সিনিয়র-জুনিয়র কনসালট্যান্টবৃন্দ, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীগণ সভায় উপস্থিত ছিলেন।
বিআর /
