হবিগঞ্জ প্রতিনিধিঃ
জনসভায় যোগ দিতে হেলিকপ্টারযোগে হবিগঞ্জে পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে অবতরণ করে। এ সময় তাকে বরণ করে নেন জেলা জামায়াতের ইসলামীর শীর্ষ নেতারা।
আমিরের আগমনকে কেন্দ্র করে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভাস্থল ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটেছে। হেলিকপ্টার অবতরণের সঙ্গে সঙ্গে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দলীয় পতাকা ও দাঁড়িপাল্লা প্রতীক হাতে নেতাকর্মীরা প্রিয় নেতাকে স্বাগত জানান।
হেলিকপ্টার থেকে নামার পর সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি জেলা জামায়াতের নেতাদের সঙ্গে নিয়ে হবিগঞ্জ প্রেস ক্লাবে যান। সেখানে কিছুক্ষণ বিশ্রাম ও মতবিনিময় শেষে তিনি ঐতিহাসিক নিউফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দেবেন।
এর আগে সকাল থেকেই নিউফিল্ড মাঠে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। বিভিন্ন উপজেলা, থানা ও ইউনিয়ন থেকে আসা মিছিল, স্লোগান ও দলীয় সংগীতে মাঠ পরিণত হয় জনসমুদ্রে। আমিরের আগমন ঘিরে পুরো শহরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জালাল স্টেডিয়াম, প্রেসক্লাব ও নিউফিল্ড মাঠসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শহরের বিভিন্ন মোড়ে বসানো হয়েছে তল্লাশি চেকপোস্ট। শহরের যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছেন স্বেচ্ছাসেবকরাও।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও হবিগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী কাজী মহসিন আহমেদ বলেন, ‘১১ দলীয় জোটের শীর্ষ নেতা আগামীর প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান এই প্রথম হবিগঞ্জের মাঠিতে বড় কোনো জনসভায় বক্তব্য রাখবেন। তিনি একজন মানবিক নেতা, তাই তার বক্তব্য শুনতে দেশবাসী অধির আগ্রহে বসে থাকেন। আমরা প্রত্যাশা করছি, তিনি আজকের জনসভা থেকে আগামী রাষ্ট্র পরিচালনার বার্তা দেবেন।’
আজকের জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এ ছাড়া ১১ দলীয় জোটের শীর্ষ নেতাসহ স্থানীয় নেতারা বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
বিআর/
