হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া

by Desh Sarakkhon
০ comments

আন্তর্জাতিক ডেক্স:
ইসরায়েল–যুক্তরাষ্ট্রের আক্রমণের জবাবে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি বন্ধ করে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে ইরান। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালি নিরাপদ রাখতে সম্ভাব্য একটি আন্তর্জাতিক নৌ নিরাপত্তা জোট গঠনের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ জন্য চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না বলে জানিয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ান গণমাধ্যম এবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পরিবহন মন্ত্রী ক্যাথরিন কিং এই মন্তব্য করেছেন।
সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এবিসি রেডিওকে ক্যাথরিন কিং জানিয়েছেন, ‘আমাদের কাছে আসা অনুরোধগুলোর বিপরীতে আমাদের অবদান ঠিক কী হবে, সে বিষয়ে আমরা অত্যন্ত স্পষ্ট। এ পর্যন্ত আমাদের সহায়তা মূলত সংযুক্ত আরব আমিরাতের জন্য; সেখানে বিশেষ করে প্রচুর সংখ্যক অস্ট্রেলীয় নাগরিকের উপস্থিতির কথা বিবেচনা করে আমরা আকাশপথে প্রতিরক্ষা সহযোগিতার জন্য বিমান সরবরাহ করছি।

পরিবহন মন্ত্রী যোগ করেন, ‘তবে আমরা হরমুজ প্রণালিতে কোনো জাহাজ পাঠাচ্ছি না। আমরা জানি এটি (জলপথটি) কতটা গুরুত্বপূর্ণ। এটি এমন কিছু নয় যা আমাদের কাছে চাওয়া হয়েছে বা যাতে আমরা অবদান রাখছি। ’

এদিকে, ট্রাম্পের আহ্বানে এখন পর্যন্ত কোনো দেশ যুদ্ধজাহাজ পাঠাতে প্রকাশ্যে সম্মতি দেয়নি।

যুক্তরাজ্য বলেছে, তারা মিত্রদের সঙ্গে আলোচনা করছে কীভাবে প্রণালিটি আবার খুলে দেওয়া যায়। চীন সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে এবং বলেছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সব পক্ষের দায়িত্ব।

জাপান জানিয়েছে, এমন অভিযানে যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেয়ার মানদণ্ড খুবই কঠিন। বর্তমান পরিস্থিতিতে বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। ফ্রান্সও জানিয়েছে, তারা কোনো যুদ্ধ অভিযানে যোগ দেবে না।

ডিএস/ বিআর

You may also like

Leave a Comment