ভোলার চার আসনে ২৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন, আচরণবিধি মানার নির্দেশ

by Nafis Shah
০ comments

ভোলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২৪ জন বৈধ প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করেন। একই সঙ্গে সব প্রার্থীকে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ভোলা-১ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ পেয়েছেন ‘গরুর গাড়ি’ প্রতীক। জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম পেয়েছেন ‘দাঁড়িপাল্লা’, ইসলামী আন্দোলনের মো. ওবায়দুর রহমান ‘হাতপাখা’, জাতীয় পার্টির আকবর হোসাইন ‘লাঙল’, এনপিপির মিজানুর রহমান ‘আম’, ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ আশ্রাফ আলী ‘চেয়ার’ এবং গণঅধিকার পরিষদের আইনুর রহমান জুয়েল মিয়া পেয়েছেন ‘ট্রাক’ প্রতীক।

ভোলা-২ আসনে ছয়জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। বিএনপির মো. হাফিজ ইব্রাহিম পেয়েছেন ‘ধানের শীষ’, জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফজলুল করিম ‘দাঁড়িপাল্লা’, আমজনতার দলের মো. আলা উদ্দিন ‘প্রজাপতি’, এলডিপির মোকফার উদ্দিন চৌধুরী ‘ছাতা’, জাতীয় পার্টির অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম রিটু ‘লাঙল’ এবং স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন খন্দকার পেয়েছেন ‘মোটরসাইকেল’ প্রতীক।

ভোলা-৩ আসনে বিএনপির মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ পেয়েছেন ‘ধানের শীষ’। এছাড়া ইসলামী আন্দোলনের মো. মোসলেহ উদ্দিন ‘হাতপাখা’, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন ‘লাঙল’, গণঅধিকার পরিষদের মো. আবু তৈয়ব ‘ট্রাক’ এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মুহা. নিজামুল হক পেয়েছেন ‘ফুলকপি’ প্রতীক।

ভোলা-৪ আসনে বিএনপির মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন পেয়েছেন ‘ধানের শীষ’। জামায়াতে ইসলামীর মোহাম্মদ মোস্তফা কামাল পেয়েছেন ‘দাঁড়িপাল্লা’, আমজনতার দলের মো. জালাল উদ্দিন রুমি ‘প্রজাপতি’, জাতীয় পার্টির মো. মিজানুর রহমান ‘লাঙল’, ইসলামী আন্দোলনের আবুল মোকাররম মো. কামাল উদ্দিন ‘হাতপাখা’ এবং জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের আবুল কালাম পেয়েছেন ‘সিংহ’ প্রতীক।

রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান জানান, প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচনের গুরুত্বপূর্ণ একটি ধাপ শেষ হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রার্থী ও তাঁদের সমর্থকদের আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment