নিজস্ব প্রতিবেদক:
নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ ওয়াপদা কলোনির একটি বাসা থেকে গ্রেপ্তার ১৫ জনের মধ্যে ৫ জন নারী আইনজীবীদের জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৬ আগস্ট) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে তাদের জামিন দেওয়া হয়।
জামিন পাওয়া পাঁচ নারী আইনজীবীরা হলেন—অ্যাডভোকেট উম্মে হাবিবা, কামেলা খানম, আয়েশা হেভেন, সুজলা অন্তরা ও শারমিন ইয়াসমিন নিশু।
জানা গেছে, নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ ওয়াপদা কলোনির একটি বাসা থেকে ১৫ আইনজীবীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন নারী আইনজীবীও ছিলেন। পরে তাদের জামিনের বিষয়ে
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তারিক আহমদ ও সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দিন উদ্যোগ নেন।
রোববার (১৬ আগস্ট) আদালতে শুনানি শেষে পাঁচ নারী আইনজীবীর জামিন মঞ্জুর করা হয়। পরে তারা আদালত থেকে জামিনে মুক্তি পান।
এদিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সভাপতি তারিক আহমদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন হস্তক্ষেপে পাঁচ নারী আইনজীবীর জামিন পাওয়ার বিষয়টি নিয়ে আইনজীবীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
এ বিষয়ে আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদ বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। একইসঙ্গে আমাদের সহকর্মী আইনজীবীদের আইনগত অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা তাদের জামিনের জন্য আইনগতভাবে সহযোগিতা করেছি।”
অপর ১০ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এ সময় জেলা আইনজীবী সমিতির বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর উপস্থিতিতে সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দীন, সাবেক মহানগর পিপি আবদুর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক এ এস এম বজলুল রশিদ মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব খান, সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ,সাবেক ডিএজি আবুল হাসেম, সাবেক সভাপতি কফিল উদ্দিন চৌধুরীসহ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাত থেকে আটশত সিনিয়র ও জুনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন।
