২৪ ঘণ্টার ব্যবধানে আবার স্বর্ণের দাম বাড়ল, ভরিতে রেকর্ড ২ লাখ ৫২ হাজার টাকা ছাড়াল

by Nafis Shah
০ comments

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ৮ হাজার ৩৩৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।

বুধবার (২১ জানুয়ারি) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ঘোষিত নতুন দাম বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণ বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি আবশ্যিকভাবে যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে চলতি বছরের ২০ জানুয়ারি সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা নির্ধারণ করা হয়, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল।

চলতি বছরে এ নিয়ে দেশের বাজারে মোট ১০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে আট দফা দাম বেড়েছে এবং দু’ দফা কমেছে। আর ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ২৯২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৮৮২ টাকা, যা রুপার ক্ষেত্রেও দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ভরিতে ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত সাতবার রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে পাঁচবার দাম বেড়েছে এবং দু’বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার, যার মধ্যে ১০ বার বৃদ্ধি এবং তিনবার হ্রাস পায়।

You may also like

Leave a Comment