নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আসা আরও পাঁচটি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে মোট ২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ) সকালে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে দুবাই, শারজাহ ও আবুধাবির এয়ারফিল্ড বন্ধ থাকায় সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ডিপার্চার ফ্লাইট ও একটি এরাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে। তাছাড়া এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সব মিলিয়ে সোমবার সকালে ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।’
এর আগে, রবিবার (১ মার্চ) দিনভর চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আসাসহ মোট ১৪টি আন্তর্জাতিক ফ্লাইট (এরাইভাল ফ্লাইট ৯টি এবং ডিপার্চার ফ্লাইট ৫টি) বাতিল করা হয়। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) এরাইভাল ও ডিপার্চার ফ্লাইট মিলিয়ে ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। শনিবার ও রবিবার মিলিয়ে চট্টগ্রাম থেকে ২০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিআর /
