নিজস্ব প্রতিবেদক:
নগরের বাকলিয়ায় এক ব্যবসায়ীর টাকা আত্মসাতের ঘটনায় তার কর্মচারী মো. আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২১ লাখ ৪৬ হাজার ১৩১ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার আলী আনোয়ারার তৈলারদ্বীপের পূর্ব বারখাইন এলাকার মৃত মফজল আহমদের ছেলে।
সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৩টায় খুলনার সোনডাঙ্গা থানার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, মো. মোর্শেদ নগরীর চাক্তাই এলাকার মুদি দোকানের ব্যবসা করেন। গত ২৩ ফেব্রুয়ারি তার দোকানের কর্মচারী মো. আলীকে ২৪ লাখ টাকা ইসলামী ব্যাংক থেকে তুলে কৃষি ব্যাংকে জমা দেয়ার জন্য পাঠান তিনি। আলী ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে সে টাকা জমা না দিয়ে পালিয়ে যায়। পরে ব্যবসায়ী মোর্শেদ এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানের কর্মচারী আলীকে খুলনা জেলার সোনাডাঙা থানার শিবাবাড়ি এলাকার মোল্লা টুকু মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে ২১ লাখ ৪৬ হাজার ১৩১ টাকা উদ্ধার করা হয়েছে। আত্মসাতের টাকায় কেনা দেড় লাখ টাকা দামের একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
বিআর /
