পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় নিজের বাড়িতে ঈদুল ফিতর পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব সফওয়ানুল করিম এ তথ্য জানান।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে সড়কপথে পেকুয়া উপজেলার নিজ গ্রামের বাড়িতে যাবেন। সেখানে তিনি পেকুয়ার সিকদারপাড়ায় সাঈদ মঞ্জিলে রাতযাপন করবেন। পরদিন সকালে উপজেলার কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। পরে বাবা-মায়ের কবর জিয়ারত এবং স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
এ বিষয়ে পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বলেন, ‘তিনি এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তারপরও আমাদের মাঝে ঈদ করতে আসছেন- এটি আমাদের জন্য গর্বের ও আনন্দের বিষয়।’
পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসানুল্লাহ বলেন, ‘সালাহউদ্দিন আহমদ বর্তমান বাংলাদেশের একজন অবিসংবাদিত জাতীয় নেতা। কক্সবাজারবাসীর গর্বের ধন। তার সঙ্গে আমরা পেকুয়াবাসী ঈদ উদযাপন করতে পারব এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার।’
ডিএস/ বিআর
