জয় মিলল, কিন্তু স্বস্তি নয় রাফিনহার চোটে দুশ্চিন্তায় ব্রাজিল

by Desh Sarakkhon
০ comments

ক্রীড়া প্রতিবেদক:
২০২৬ বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হাইতিকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে সেলেসাওরা।

তবে দাপুটে এই জয়ের আনন্দ পুরোপুরি উপভোগ করার সুযোগ পাচ্ছে না কার্লো আনচেলত্তির দল। কারণ ম্যাচ চলাকালীন ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয়েছে দলের অন্যতম ভরসা রাফিনহাকে। তার চোটের প্রকৃতি এখনও নিশ্চিত না হলেও ব্রাজিল শিবিরে ইতোমধ্যেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সোমবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই চোট পান বার্সেলোনা তারকা রাফিনহা। মাঠেই ব্রাজিলের মেডিক্যাল দলের সেবা নিতে দেখা যায় তাকে। সে সময় বেশ হতাশ দেখাচ্ছিল এই উইঙ্গারকে, আর সতীর্থ গ্যাব্রিয়েল তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন।

রাফিনহার পরিবর্তে মাঠে নামেন এএফসি বোর্নমাউথের তরুণ ফুটবলার রায়ান। এরপরও আক্রমণভাগে ধার বজায় রেখে হাইতির বিপক্ষে ৩-০ গোলের স্বচ্ছন্দ জয় তুলে নেয় ব্রাজিল। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করার পর এই জয় তাদের গ্রুপের শীর্ষে তুলে দিয়েছে।

এরই মধ্যে নেইমারের চোট নিয়ে চিন্তায় রয়েছে ব্রাজিল। ডান পায়ের কাফের ইনজুরির কারণে টানা দ্বিতীয় ম্যাচেও দলে জায়গা হয়নি এই তারকা ফরোয়ার্ডের। তার অনুপস্থিতিতে রাফিনহার ওপরই ছিল আক্রমণভাগের বড় দায়িত্ব।

এ অবস্থায় রাফিনহার চোট যদি গুরুতর হয়ে থাকে, তবে তা ব্রাজিলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। ইএসপিএনের এক বিশ্লেষকের মতে, বিশ্বকাপের বাকি পথচলায় রাফিনহাকে হারানো সেলেসাওদের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।

You may also like

Leave a Comment