নিজস্ব প্রতিবেদক:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ও উল্টো রথ উপলক্ষে চট্টগ্রাম বিভাগে সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে।
তিনি যেকোন অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা,উপজেলা ও ইউনিয়নে টিম গঠন করে এ রথযাত্রা সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করবেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ দায়িত্ব দেওয়া হয়। একই আদেশে চট্টগ্রামসহ প্রত্যেক বিভাগের সাংগঠনিক সম্পাদককে বিভাগীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সনাতনী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা আগামী ১৬ জুলাই এবং উল্টো রথ ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। রথযাত্রা ও উল্টো রথে কোন প্রকার অপ্রীতিকর কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার চক্রান্ত যাতে কেউ করতে না পারে- সে বিষয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকল ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্ম পালনের অধিকারে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক সতর্ক ও সজাগ দৃষ্টি রাখবে। যাতে রথযাত্রা ও উল্টো রথকে কেন্দ্র করে ষড়যন্ত্রকারীরা কিংবা দেশের ভাবমূর্তি বিনষ্টকারীরা কোন অপতৎপরতা চালাতে না পারে। স্ব-স্ব এলাকায় সনাতনী সম্প্রদায়ের মানুষরা যাতে নির্বিঘ্নে, শান্তি ও স্বস্তি সহকারে উৎসব পালন করতে পারে সেজন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে হবে।
এছাড়া, রথযাত্রা ও উল্টো রথকে কেন্দ্র করে জেলা সদর ও মহানগরসহ জেলাধীন প্রত্যেক উপজেলা /থানা/ওয়ার্ড/ইউনিয়ন পর্যায়ে রথযাত্রা উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করার দায়িত্ব দেয়া হয়েছে।
