ডিডিএন অফিসে হামলা ও লুটপাটের ঘটনায় মূল হোতা মাইকেলসহ ৮ জন গ্রেপ্তার

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:

নগরের  চকবাজার থানার বাকলিয়া এক্সেস রোডে ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মূল হোতা হিসেবে অভিযুক্ত মাইকেলসহ ঘটনায় অংশ নেয়া আটজনকে গ্রেপ্তার করেছে  র‍্যাব-৭। এ সময় হামলায় ব্যবহৃত চারটি দেশিয় অস্ত্রও জব্দ করা হয়েছে।

রোববার ( ১৯ জুলাই ) র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, গত ১৩ জুলাই সংঘটিত এ হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হামলায় সরাসরি অংশগ্রহণকারী আটজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে হামলার অন্যতম সংগঠক মাইকেলও রয়েছে।

এর আগে গত ১৫ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়, ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইউনুস (৪১), ইমরান হোসেন চ্যাং (৩১), আকবর হোসেন (২৪), মো. সুমন (২৭), মো. মনির ওরফে কেহেরমান (৩৮), মো. গিয়াস উদ্দিন (২১), মো. নয়ন (২০) ও মোহাম্মদ আবদুল নাহিদ ওরফে ফরহাদ (২৮)।র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ডিডিএন কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটে সরাসরি অংশ নিয়েছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি পৃথক অভিযানে এ পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামলার পরিকল্পনা ও উদ্দেশ্য উদ্‌ঘাটনে তদন্ত চলমান রয়েছে। আলোচিত ডেভিড ইমনকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তার অবস্থান শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডিএস/ বিআর

You may also like

Leave a Comment