নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম প্রাইমমুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন সরকার এসেছে। আপনাদের দাবি বিবেচনার জন্য সরকারকে সময় দিতে হবে। অর্থমন্ত্রী মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। আপনাদের দাবিগুলো সরকার বিবেচনা করবে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী মহোদয় আপনাদের দাবিগুলোর বিষয়ে অবগত আছেন। বন্দরের সাথে দেশের অর্থনীতি ও গণমানুষের ভাগ্য জড়িত। আপনারা গাড়ি বন্ধ রাখার কর্মসূচি থেকে সরে আসুন।
সোমবার (২০ জুলাই) বিকেলে টাইগারপাসের চসিক কার্যালয়ে চট্টগ্রাম প্রাইমমুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।
এসময় মেয়রের অনুরোধের প্রেক্ষিতে অ্যাসোসিয়েশেনের সভাপতি মো. আবু ছালেহ জুয়েল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ আজিজ, আহ্বায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর আবুল হাশেম, নগর বিএনপির সাবেক স্থানীয় সরকার সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হাসান, বিএনপি নেতা মোহাম্মদ হারুনসহ প্রাইম মুভার অ্যাসোসিয়েশনের নেতারা।
এর আগে সড়ক মহাসড়কে পণ্য পরিবহন খাতের প্রাইম মুভার ট্রেইলার, ফ্লাটবেড, লো বেড, সেমি লো বেড, ক্রেন ও হেভি ইকুইপমেন্টের ওপর অগ্রীম আয়কর ৫০ হাজার টাকা বাড়ানোর প্রতিবাদ এবং ১১ দফা দাবিতে মঙ্গলবার ২১ জুলাই ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার লক আউট কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
১১ দফাগুলো হলো, সড়ক পরিবহন আইন ২০১৮ এর বাতিলযোগ্য সাংঘর্ষিক ধারা, উপধারা সংশোধন, প্রাইম মুভার ও ফ্লাটবেড গাড়ির জন্য ওজন ও মাইলের ভিত্তিতে ভাড়া নির্ধারণে সরকারি নীতিমালা প্রণয়ন, আগের রেজিস্ট্রেশন করা প্রাইম মুভার ট্রেইলার বিআরটিএ কর্তৃক একই রেজিস্ট্রেশনের আওতায় আনা ও কনটেইনারবাহী ২০ ফুট গাড়ির নামে ফ্লাটবেড উল্লেখ করা, পুলিশি হয়রানি বন্ধ, ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ বিভিন্ন করের ওপর ভ্যাট ও ফি প্রত্যাহার করে একক ডকুমেন্টের আওতায় আনা, ভাড়ায় চালিত গাড়ির অগ্রীম আয়কর ১০ হাজার টাকায় নামিয়ে আনা, বিআরটিএ কর্তৃক চালকদের একবারেই পেশাদারি ভারী লাইসেন্স দেয়া, স্কেল লোড একই নীতিমালার অন্তর্ভুক্ত করা ও ব্রিজে লোড কনট্রোল নামে চাঁদাবাজি বন্ধ, বন্দর এলাকায় প্রাইম মুভার ট্রেইলার টার্মিনাল দেয়া ইত্যাদি।
ডিএস/ বিআর
