শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: এমপি সরোয়ার আলমগীর

by Desh Sarakkhon
০ comments

ফটিকছড়ি প্রতিনিধি:

শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেছেন এমপি সরোয়ার আলমগীর।

ফটিকছড়িতে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-’অনুষ্ঠান উদ্বোধনের সময় তিনি এমন কথা বলেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার আজিমনগরস্থ মাদরাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী প্রাঙ্গণে এই কর্মসূচি আয়োজন করে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রিত আত্মউন্নয়নমূলক যুব সংগঠন তাজকিয়া।

ট্রাস্টের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জসীমউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, গাউসিয়া জামান মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ বদিউজ্জামান মাইজভাণ্ডারী, মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাসেম, শিশু-কিশোর সমাবেশের প্রধান সমন্বয়ক ও তাজকিয়ার উপদেষ্টা এইচএম রাশেদ খান, তাজকিয়ার সাবেক সভাপতি ডা. কৌশিক সাইমন শুভ এবং তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মোহাম্মদ রমিজ আলী। এ ছাড়া স্থানীয় শিক্ষাবিদ, চিকিৎসক, সমাজসেবক ও স্বেচ্ছাসেবীরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ট্রাস্টটি সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও আরও ব্যাপক পরিসরে সহযোগিতা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬-এর আহ্বায়ক ও তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সহসভাপতি মো. জামশেদ আলম।

এতে চক্ষু পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি অংশগ্রহণকারীদের ব্লাড গ্রুপ কার্ড প্রদান করা হয়। এ ছাড়া ‘তারুণ্যের ডাক’ বুথে প্রাথমিক চিকিৎসাবিষয়ক পরিচিতি, স্বাস্থ্য পরামর্শ এবং নারীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়, যা পরিচালনা করেন ডা. রিহুল জান্নাত। সবশেষে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠান শেষ হয়।
আয়োজকরা জানায়, ক্যাম্পে প্রায় সাত শত শিক্ষার্থীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।  এই ক্যাম্পে আটজন চিকিৎসক, দুইজন প্রশিক্ষক, তিনজন ল্যাব টেকনিশিয়ান এবং তাজকিয়ার কেন্দ্রীয় ও বিভিন্ন উপজেলা শাখার ৬০ জন সদস্য দায়িত্ব পালন করেন।

ডিএস/ বিআর

You may also like

Leave a Comment