আইনের বাইরে কাউকে সুযোগ দেয়ার সে অধিকার আমাদের নাই : জেলা প্রশাসক

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক : আমরা নিরপেক্ষ, আমরা কারও প্ররোচণায় কোনো কাজ করবো না। যে অপরাধ করবে সেই অপরধী, সে ধারণা আমাদের মধ্যে পোষণ করতে হবে। যদি সেটি না করতে পারি তাহলে আমরা পবিত্র যে পোশাক পরেছি, সেটার প্রতি সদাচরণ হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে মীরসরাই উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পুলিশের উদ্দেশ্যে বলেন, আইনের বাইরে কাউকে সুযোগ-সুবিধা দেয়ার সে অধিকার আমাদের নাই, কিন্তু আমি আপনাদের বলব, আপনার কাছে যারা আসবে, আপনি তাদের কথা দয়া করে শুনবেন এবং তাদেরকে পরামর্শ দিবেন। আপনার অবস্থান থেকে আপনি তাদেরকে সুপরামর্শ দিবেন। যাতে সে কোনোভাবে অন্য কোনো দালালের খপ্পরে না পড়ে। আমাদের যাদের কাছে সেবাপ্রার্থীরা আসে আমি তাদের অনুরোধ করব, আপনি তাদের কথা সমাধান করতে পারেন বা না পারেন আপনি তাদের সামনে ব্যস্ততার কোনো অজুহাত দাঁড় করাবেন না।

তিনি আরও বলেন, ব্যস্ততার অজুহাত না দাঁড় করিয়ে তাদের কথা শুনবেন এবং আপনার যে জ্ঞানের পরিসর আছে আপনি তাদেরকে সে জায়গা থেকে তাদের পরামর্শ প্রদান করবেন।
মীরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তার বিষয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মীরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কেউ যাতে ছদ্মবেশে অপরাধ করতে না পারে সেব্যাপারে কাজ করতে হবে। শ্রমিকের আড়ালে বা ব্যবসার আড়ালে কেউ যাতে অপরাধ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তারের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা একই দিন মীরসরাই উপজেলা ভূমি অফিস, সদর ইউনিয়ন পরিষদ ও থানার কার্যক্রম পরিদর্শন করেন। পরবর্তীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment