নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-কক্সবাজার লোহাগাড়ার চুনতির জাঙ্গালিয়ায় মহাসড়ক চার লেনে প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে।
মহাসড়টি৷ চার লেনে উন্নীত করার কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী, চালক ও যাত্রীরা।
মঙ্গলবার ( ১২ মে) সকালে চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের অধীনে ৯০০ মিটার মহাসড়ক চার লেনে প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়।
এলাকাবাসী বলছেন, এলাকার মানুষের প্রাণের দাবি ছিল এটি। অবশেষে প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি আমরা পুরো চট্টগ্রাম কক্সবাজার সড়ক চার লেনে উন্নীত করণ চাই।
দ্রুত কাজ শেষ করতে পারলে দুর্ঘটনা অনেক কমে যাবে। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে চার লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে এবং
কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেছিলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ইতোমধ্যে প্রকল্পের একটি অংশের ডিপিপি অনুমোদন হয়েছে এবং কাজ শিগগিরই শুরু হবে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক একটি জাতীয় গুরুত্বপূর্ণ সড়ক। হাইওয়ে ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (ফেজ-১) এর আওতায় প্রায় ২৬.২১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি ২০২৯ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ২.৬৬ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের ফ্লাইওভারও নির্মাণ করা হবে।
জানা যায় , চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া ও লোহাগাড়া অংশ প্রশস্তকরণ কাজ তিনটি প্যাকেজে চলমান রয়েছে। প্রথম প্যাকেজটি সাতকানিয়া রাস্তার মাথা থেকে শুরু হয়ে লোহাগাড়ার রাজঘাটা এলাকা পর্যন্ত ৮ দশমিক ৪ কিলোমিটার। এর ঠিকাদারি প্রতিষ্ঠান এমএএইচ কনস্ট্রাকশন এবং প্রকল্প ব্যয় ৩৫ কোটি টাকা। দ্বিতীয় প্যাকেজ লোহাগাড়ার রাজঘাটা এলাকা থেকে চুনতি মিঠার দোকান এলাকা পর্যন্ত। ৭ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক প্রশস্তকরণে ৩৪ কোটি টাকা বরাদ্দ পেয়ে এই প্যাকেজের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএ কনস্ট্রাকশন।
তৃতীয় প্যাকেজটি লোহাগাড়ার চুনতি মিঠার দোকান থেকে চুনতি জাঙ্গালিয়া এলাকা পর্যন্ত। ৬ কিলোমিটার দৈর্ঘ্যের ৩০ কোটি টাকা বরাদ্দে এই প্যাকেজের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএএইচ কনস্ট্রাকশন। যে প্যাকেজের আওতায় চুনতি জাঙ্গালিয়া এলাকায় প্রায় ১ কিলোমিটার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীত করা হচ্ছে।
চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ জানান, বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রস্থ ২১ ফুট। এটিকে ৩৪ ফুটে প্রশস্ত করার জন্য সাতকানিয়া রাস্তার মাথা থেকে চুনতি জাঙ্গালিয়া পর্যন্ত উভয় পাশে কোথাও ৬ ফুট, কোথাও ৭ ফুট করে বর্ধিত করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ বাঁকে ১০-১২ ফুট বর্ধিত করা হবে। এছাড়া চুনতি জাঙ্গালিয়া এলাকায় ৯০০ মিটার (প্রায় ১ কিলোমিটার) অংশ মাঝখানে ডিভাইডার রেখে ৪ লেনে উন্নীত করা হবে। এছাড়াও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে প্রশস্তকরণ কাজ দ্রুত গতিতে এগিয়ে যাবে।
ডিএস/ বিআর
