14
নিজস্ব প্রতিবেদক : ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটের আমদানি-রপ্তানি কার্যক্রম, শুল্কায়ন ব্যবস্থা এবং রাজস্ব কাঠামোর বিভিন্ন দিক নিয়ে এক বাজেট পর্যালোচনা সভা গত ১৫ জুন কাস্টমস হাউস, চট্টগ্রামস্থ সিএন্ডএফ মেম্বারস হলে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল আবছার। সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী, ২য় সহ-সভাপতি মোঃ সাইফুদ্দিন, ৩য় সহ-সভাপতি মোঃ আবু সালেহ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক উবায়দুল হক আলমগীর, ২য় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন বাবলু, অর্থ সম্পাদক মুক্তার হোসাইন পাটোয়ারী, কাস্টমস সম্পাদক এএসএম রেজাউল করিম স্বপন, বন্দর সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ খলিল, আইন সম্পাদক এসএম ফরিদুল আলম, দপ্তর সম্পাদক আহমাদ শহীদ উদ্দিনসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টা কামাল মোস্তফা চৌধুরী এবং সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ।
সভায় সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী বলেন, দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবান্ধব করার পাশাপাশি রাজস্ব আহরণ বৃদ্ধি ও বাণিজ্য সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন গত ০৮ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নিকট বই আকারে একগুচ্ছ প্রস্তাবনা উপস্থাপন করেছে। এসব প্রস্তাবনার মধ্যে সিএন্ডএফ লাইসেন্সিং বিধিমালা, কাস্টমস আইন, আয়কর আইন এবং আমদানিকৃত পণ্যের এইচএস কোডভিত্তিক শ্রেণীবিন্যাসে বিদ্যমান অসংগতি ও বাস্তব সমস্যাগুলো তুলে ধরা হয়েছে।
তিনি জানান, এসোসিয়েশনের উত্থাপিত বেশ কয়েকটি প্রস্তাবনা গৃহীত হয়েছে, যা আমদানি পণ্যের শুল্কায়ন কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে। তবে ঘোষিত বাজেটে আমদানি-রপ্তানি পণ্যচালানের শুল্কায়ন পদ্ধতি এবং রাজস্ব কাঠামোর কিছু বিষয়ে সংশোধনী প্রয়োজন রয়েছে বলে সভায় মতামত ব্যক্ত করা হয়। এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের নিকট আরও কিছু সংশোধনী প্রস্তাবনা উপস্থাপন করা হবে। তিনি বাজেট সংক্রান্ত কোনো গঠনমূলক মতামত বা প্রস্তাবনা থাকলে তা দ্রুত এসোসিয়েশনকে অবহিত করার জন্য অনুরোধ করেন।
