শোন অ্যারেস্টে কেস ডায়েরির কপি উপস্থাপন এবং গ্রেফতারে যৌক্তিক দেখাতে হবে : সিএমএম

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক : সেবা প্রাপ্তির ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি মেনে নেওয়া হবে না। ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সমন্বয় ও জবাবদিহিতা আরও জোরদার করতে হবে। ঢালাওভাবে বা সন্দেহের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা যাবে না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থানের কথাও জানিয়ে বলেন, রোগী ও স্বজনদের জিম্মি করে কোনো সিন্ডিকেট চলতে দেওয়া হবে না।

 

সোমবার চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সভাপতির বক্তব্যে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এ.জি.এম. মনিরুল হাসান সরকার, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণের ঘোষণা দিয়ে তিনি এসব কথা বলেন। কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম। এতে বিচার বিভাগ, পুলিশ, র‌্যাব, সিআইডি, পিবিআই, কোস্ট গার্ড, পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারা অধিদপ্তর, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

 

 

সভায় সিএমএম আরও বলেন, শোন অ্যারেস্টের ক্ষেত্রে অবশ্যই কেস ডায়েরির কপি উপস্থাপন করতে হবে এবং গ্রেফতারের যৌক্তিক কারণ দেখাতে হবে। প্রয়োজনে সিএমপি ও জেলা প্রশাসনের সমন্বয়ে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
পুলিশ কমিশনারের প্রতিনিধি ও অতিরিক্ত পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন, এ ধরনের কনফারেন্স পুলিশের জন্য তথ্য ও প্রশিক্ষণভিত্তিক সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এবং বিচার কার্যক্রমে সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা আদালতের নিরাপত্তা জোরদার, জব্দকৃত আলামত দ্রুত নিষ্পত্তি এবং বিচারাধীন মামলার তুলনায় ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানোর দাবি জানান।

 

প্রধান অতিথির বক্তব্যে মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম বলেন, আদালত প্রাঙ্গণে থাকা জব্দকৃত আলামত নিলামের মাধ্যমে নিষ্পত্তির কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে মহানগর দায়রা জজ আদালত ও সিএমএম আদালতের জন্য পৃথক ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। সমাপনী বক্তব্যে সিএমএম জানান, অভিযোগ গ্রহণ ও সেবার মানোন্নয়নে ‘সিএমএম, চট্টগ্রাম সমীপে’ নামে একটি ই-মেইল এবং আদালত প্রাঙ্গণে অভিযোগ বক্স চালু করা হয়েছে। তিনি দুর্নীতি ও হয়রানিমুক্ত বিচারসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন

You may also like

Leave a Comment