বেয়ানকে ধর্ষণ করে খুন করলেন বেয়াই

by Desh Sarakkhon
০ comments

ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়ির কাঞ্চননগরে ৩ ছেলে ও ১ মেয়ের জননী লাকি আকতারের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, শুক্রবার (৮ মে) সন্ধ্যায় বাড়ির পাশের বিল থেকে গরু নিয়ে ফেরার পথে লাকি আকতারকে (৩৮) একা পেয়ে আক্রমণ করে তার ছেলের শ্বশুর ‘মোহাম্মদ সাবা’। সেখানে তাকে একা পেয়ে ধর্ষণের পর ঘটনা ধামাচাপা দিতে গলা টিপে হত্যা করে বিলে ফেলে রাখা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ মে) কাঞ্চননগর ইউপিএ উত্তর কাঞ্চন নগর কালা পাইন্নে এলাকার একটি বিল থেকে লাকি আকতারের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

শনিবার ( ৯ মে) সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বাড়ির সর্দার মোহাম্মদ ইউনুস বলেন, ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সাবা আমাদের কাছে স্বীকার করেছে যে, সে নিজেই লাকি আকতারকে ধর্ষণ করার পর গলা টিপে হত্যা করেছে। এমন জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছেন নিহতের পিতা আবুল বশর। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, আমার মেয়েকে পশুর মতো ধর্ষণ করে গলা টিপে হত্যা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। খুনি সাবার যেন সর্বোচ্চ শাস্তি হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত সাবাকে ইতিমধ্যে আটক করা হয়েছে। সর্দারের কাছে দেওয়া স্বীকারোক্তি এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মামলার প্রক্রিয়া চলছে। পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন- লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment