সাতকানিয়ার প্রাইভেট কারের ধাক্কায় ২ রিকশা যাত্রী নিহত

by Desh Sarakkhon
০ comments

সাতকানিয়া প্রতিনিধি:

সাতকানিয়ার বিওসি মোড় ওয়াফদাএলাকায় দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় দুই ব্যাটারি রিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার ( ২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো দোহাজারী পৌরসভা ২নং ওয়ার্ড দাশপাড়ার মৃত নিরঞ্জন ধরের ছেলে রনজিত ধর (৫৫) এবং একই এলাকার মৃত মনিন্দ্র দে’র ছেলে বাবুল দে প্রকাশ বালি (৬৫)।

এ ঘটনায় আহতরা হলেন একই এলাকার দিলীপ মল্লিক (৬৫) ও টিকলু বিশ্বাস (৪০) এবং প্রাইভেট কারের যাত্রী মিরাজ (৪০), জেরিন আফরোজ (৬০), ইসলাম (৪০), মশিউর রহমান (৪৩)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার বিবরণে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে একটি ব্যাটারি রিকশা মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী তুলছিলেন। এসময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে যাত্রীসহ রিকশা ঘটনাস্থল থেকে কয়েক মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে। এসময় রিকশাতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রনজিত ধর (৫৫) এবং বাবুল দে প্রকাশ বালি (৬৫) কে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাবলা দাশ জানান, দোহাজারী শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের উদ্বোধন উপলক্ষে আজ বুধবার সকালে কয়েকজন ব্যক্তি সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের হিন্দু সম্প্রদায়কে নিমন্ত্রণ করতে যায়। নিমন্ত্রণ শেষে তারা একটি ব্যাটারি চালিত অটোরিকশাযোগে দোহাজারী আসার পথে পেছন থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে রনজিত ধর ও বাবুল দেসহ রিকশাতে থাকা অন্যান্যরা গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রনজিত ধর ও বাবুল দে মারা যায় বলে জানান তিনি।

ঘটনার পরপর দোহাজারী হাইওয়ে থানার পুলিশ দূর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও রিকশাটি নিয়ে আসে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি মো. সালাহ উদ্দীন চৌধুরী।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment