চট্টগ্রামে জব্বারের বলী খেলা আজ, ক্রেতাদের ভীড়ে হিমশিম খাচ্ছে দোকানিরা

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:

ঐতিহ্যের দীপ্ত ছায়ায় উৎসবমুখর জব্বর মিয়ার বলিখেলা । সেই মেলার প্রাণচঞ্চল ভিড়ে বাবার হাত শক্ত করে ধরে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট মেয়ে অদিতি। হাতে তার মাটির পুতুল আর একতারা। শুধু অদিতির নয় ছোট থেকে শুরু করে বয়স্করাও ঘুরতে এসেছে মেলায়।

শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে দেখা যায় মানুষের ঢল। দেখা যায় দোকানিদের ব্যস্ততা। যেনো দম ফেলার সময় নেই তাদের। এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) মেলার প্রথম দিন আন্দরকিল্লা থেকে কোতোয়ালি মোড়, জেল রোড, কে সি দে রোডসহ আশপাশের সড়কের ফুটপাতের ওপর দোকানিরা তাদের পণ্যের পসরা বসিয়েছেন। কেউ কেউ দোকান সাজাচ্ছেন। কেউ বিক্রির জন্য আনা মৃৎশিল্পের নানা পণ্যের ওপর নজরকাড়া রং করছেন।

দোকানিরা জানান, দুই দিনব্যাপী মেলা হলেও তারা প্রতিবছর মেলার দুই দিন আগে থেকেই দোকান সাজাতে শুরু করেন। ঢাকা থেকে মেলায় মাটির তৈজসপত্র নিয়ে আসা ব্যবসায়ী আতিক বেপারি বলেন, দুই দিন আগেই মেলায় জিনিসপত্র নিয়ে এসেছি। ট্রাক ভাড়া বেশি দিতে হয়েছে। মেলায় মানুষ বাড়লে বিক্রি হবে বলে আশা করছি।

চট্টগ্রামের অন্যতম প্রধান এই মেলা থেকে পণ্য কিনতে লোকজন এক বছর ধরে অপেক্ষা করে থাকেন। কারণ এখানে একসাথে যত ঐতিহ্যবাহী পণ্য পাওয়া যায়, স্বাভাবিক সময়ে এসব পাওয়া যায় না।

নগরীর হালিশহর থেকে মেলায় আসা আবদুল করিম জানান, তিনি প্রতিবছর এই মেলার জন্য অপেক্ষা করেন। মেলায় মানুষের ভিড় বাড়ার আগেই প্রয়োজনীয় জিনিসপত্র কেনার চেষ্টা করেন।

পাথরঘাটা থেকে মেলায় আসা গৃহবধূ টুম্পা দাশ জানান, শনিবার বিকেলে লালদীঘি পাড়ে ঐতিহাসিক জব্বারের বলীখেলা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও এখানে মেলার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম শহরের অনেক মানুষের মতো তিনিও সারা বছর অপেক্ষায় থাকেন এ মেলার জন্য। এখান থেকেই তিনি সারা বছরের ছোটো-খাটো প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন। এবারো কিনবেন।

জব্বারের বলি খেলা থেকে কেনা হাতপাখার কদর চট্টগ্রাম জুড়ে। চন্দনাইশ থেকে বেত ও তালপাতার পাখা এনেছেন জহির মিয়া। গরমের এই সময়ে হাতপাখা কিনে কেউ ঠকবে না বলে প্রচারণা চালাচ্ছেন তিনি। দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীদের চোখে এখন ভালো বেচাকেনার স্বপ্ন।

খুলনা থেকে মাটির জিনিসপত্র বিক্রি করতে আসা মিহির সরকার দোকান সাজিয়েছেন কে সি দে রোডের সিনেমা প্যালেসের পাশে। তিনি জানান, খুলনা থেকে মালামাল নিয়ে এসেছেন তিন দিন আগে। তিনি এবার ফুলদানি ও শোপিস নিয়ে এসেছেন।

ঢাকা থেকে ব্যাপারীর সাথে আসা সৌরভ রহমান জানান, ১৫০ পদের মাটির তৈরি তৈজসপত্র নিয়ে চার দিন আগে চট্টগ্রামে এসেছেন তারা। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় তিন লাখ টাকার জিনিসপত্র এনেছেন তারা। মেলায় ভালো কিছু হবে আশা করছেন তিনি।

আর ঐতিহ্যবাহী বলি খেলার আসর বসবে শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৩টায়। এবার বলি খেলা হবে লালদিঘী মাঠে বালু দিয়ে বানানো মঞ্চে।

জানা গেছে, ব্রিটিশবিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করতে ১৯০৯ সালে বক্সিরহাট এলাকার স্থানীয় আব্দুল জব্বার সওদাগর নগরীর লালদিঘী মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা। যা সময়ের পরিক্রমায় জব্বারের বলী খেলা নামে পরিচিত হয়ে ওঠে। বৈশাখের ১২ তারিখে লালদিঘীর ময়দানে বলী খেলা হয়।

You may also like

Leave a Comment