গুপ্তভাবে রাজনীতি করলে সেটা শক্তভাবে মোকাবিলা করা হবে : চবি ছাত্রদল সভাপতি

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক : আপনারা রাজনীতি করেন সেটা সাধুবাদ জানাই, কিন্তু গুপ্তভাবে রাজনীতি করলে সেটা শক্তভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন

তিনি বলেন, অনেক ছাড় দিয়েছি, আর দেওয়া হবে না। শিক্ষার্থীদের পরিবেশ নষ্ট করতে যে সংগঠনই সামনে আসবে, জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্রতিহত করবে। তারা আমাদের ব্যক্তিগত জীবন থেকে পরিবার কিংবা সামাজিক কোনো ভাবেই ছাড় দেয়নি। চট্টগ্রাম সিটি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামি ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার বিষয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা কর্মীরা। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, আজ গুপ্তদের গায়ে জ্বলন ধরেছে। অতীতে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সেজে নির্যাতন করতো, সেই গুপ্তদের পরিচয় প্রকাশ পেয়েছে।

সরকারের কাছে দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে। যারা নির্বাচিত সরকারের বিরুদ্ধে অবস্থান করবে, বিতর্ক তৈরির চেষ্টা করবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় এখনও বৈষম্যমুক্ত হয় নাই। বিশ্ববিদ্যালয়ে এখনও রাজাকার, আলবদর ও আল শামসের বাহিনীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছে। বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী হলের মোড় প্রদক্ষিণ করে আলাওল হল ঘুরে দুই নম্বর গেটে এসে শেষ হয়।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment