আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারায় বরুমছড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সোলায়মান (৩৫) নামে এক কাতারপ্রবাসীসহ দুইজন নিহত হয়েছেন।
রবিবার (২২ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নতুন ফিশারিঘাট ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলায়মান উপজেলার পশ্চিম বরুমছড়া এলাকার ৭নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ বাড়ির মো.মনিরুজ্জামান’র ছেলে। তিনি প্রায় ১৮ বছর ধরে কাতারে থাকতেন। দুই মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে করে শহর থেকে বাড়ি ফিরছিলেন সোলায়মান। এ সময় নতুন ফিশারিঘাট ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফিশারিঘাট এলাকার শ্রমিক মো. জাহেদ হোসেন (৩২) বলেন, আমি রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে গিয়ে দেখি দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সোলায়মান নামে একজন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান।
এ ঘটনায় রফিকুল করিম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকার বাসিন্দা। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।
ডিএস/বিআর
