বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে দিলীপ সর্দ্দার (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালাইয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দিলীপ সর্দ্দারের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তিনি মাথায় রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।
নিহতের ছেলে রুপন সর্দ্দার জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সবার অগোচরে তার বাবা ঘর থেকে বের হয়ে যান। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর ২টার দিকে বাড়ির অদূরে একটি পুকুরে স্থানীয়দের সহায়তায় তাকে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইলতেজা তারান্নুম পুষন জানান, দুপুর ২টা ২৫ মিনিটে স্বজনরা ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
ডিএস/ বিআর
