সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ডে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানে ধাক্কা দিলে মো.আবু বক্কর (২৫) নামে এক যুবক নিহতের খবর পাওয়া গেছে।
সোমবার (২৩ মার্চ) সকালে মহাসড়কের সোনাইছড়ি পাক্কা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত আবু বক্কর গাজীপুরের জয়দেবপুর সদর থানা এলাকার দেবীপাড়া গ্রামের মো. মনিরুজ্জামানের ছেলে।
বার আউলিয়া হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বক্কর ও তার ৬-৭ জন বন্ধু ঈদের ছুটিতে মোটরসাইকেলযোগে গাজীপুর থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রবিবার ( ২২ মার্চ) গভীর রাতে রওনা দেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের একটি বাইক উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা রাস্তার মাথা এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের সাথে ধাক্কা খায়। এ সময় আবু বক্কর নামে এক আরোহী গুরুতর আহত হলে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, গাজীপুর থেকে কক্সবাজার বেড়ানোর উদেশ্যে যাওয়ার পথে সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে আবু বক্কর আহত হয়। পরে তার বন্ধুরা আমাদেরকে বিস্তারিত জানান। ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
ডিএস/ বিআর
