নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১৩৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২৭ লাখ টাকা।
শনিবার (২ মে) রাত ১১টার দিকে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হলে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে অংশ নেয় এনএসআই ও ডিজিএফআইয়ের একটি যৌথ দল, পাশাপাশি বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স ইউনিট।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আন্তর্জাতিক আগমন হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় ১ হাজার ৬৫ কার্টন সিগারেট এবং একটি ল্যাপটপ পাওয়া যায়।
এছাড়া মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪৯৩-এর এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। যাত্রীটির নাম মো. শামসুদ্দিন, তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।
জব্দ করা পণ্যসমূহ চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে আটক যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখার পক্ষ থেকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরে এনএসআই, ডিজিএফআই, কাস্টমস ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি জোরদার রয়েছে এবং তা অব্যাহত থাকবে।
ডিএস/ বিআর
