সাংবাদিক বিপ্লব দে পার্থ’র কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

২৪ ঘন্টার মধ্যে টাকা না পেলে গুলির হুমকি

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে সাংবাদিক বিপ্লব দে পার্থ’র কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। ২৪ ঘণ্টার মধ্যে টাকা না পেলে গুলি করার হুমকিও দেয়া হয় বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় শনিবার (১০ মে) নগরের কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিক।

বিপ্লব দে পার্থ বাংলা টিভির চট্টগ্রাম কার্যালয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক।

পাশাপাশি তিনি জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগে বলা হয়, মোবারক হোসেন প্রকাশ ইমন নামে এক ব্যক্তি গত শনিবার (৯ মে) বিকেলে বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিপ্লব দে পার্থকে ফোন করেন।

তিনি নিজেকে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী প্রকাশ বড় সাজ্জাদের সহযোগী পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদার টাকা দিতে অপারগতার কথা জানালে বিপ্লব দে-কে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়।

পরে হোয়াটসঅ্যাপে পাঠানো একটি অডিও বার্তায় হুমকিদাতা বলেন, ‘…বোলতার বাসা বানিয়ে ফেলব। পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না। যা করার আগামী ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে। গুলি মানুষ চেনে না।’

এ বিষয়ে সাংবাদিক  বিপ্লব দে পার্থ  এ প্রতিবেদককে বলেন, হঠাৎ করে ডেভিড ইমন নামে এক ব্যক্তি আমাকে ফোন করে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে গুলি করে হত্যার হুমকিও দেয়। এ সময় আমার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ-এর সম্পর্ক নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করে। সে বড় সাজ্জাদের নাম উল্লেখ করলেও আমার কাছে মনে হয়েছে, সে মূলত সাজ্জাদের নাম ব্যবহার করে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। এ ঘটনায় আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, চাঁদা দাবি ও হুমকির ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment