সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ডের ভাটিয়ারিতে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাসের বিষক্রিয়ায় আট শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভাটিয়ারির ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজে হাউসকিপিংয়ের কাজ করার সময় গ্যাস লিকের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়।
ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। এ সময় আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। আহতদের হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল মামুন প্রথমে ঘটনাস্থলে তিনজনের মৃত্যুর তথ্য জানান। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আরও পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়।
মৃত্যুবরণকারী শ্রমিকদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তারা হলেন- সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), হাবিবুর রহমান (৫০) এবং দুই ভাই মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮), গাইবান্ধার বাসিন্দা মো. খোকন (৪০) ও মো. রানা (২৭)। তাদের সবার বাড়ি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় বলে জানা গেছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান বলেন, ‘আমরা ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার খবর পেয়েছি। তাদের মধ্যে কয়েকজন মারা গেছেন বলে শুনেছি।’
তিনি আরও জানান ঘটনার পর স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উদ্ধারকাজ চালাচ্ছেন।
ডিএস/ বিআর
