নিজস্ব প্রতিবেদক:
নগরের বায়েজিদ থানার রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত ১১ বছর বয়সী রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম মেডিকেলে সে মারা যায়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, শিশুটি গত শুক্রবার থেকে আইসিইউতে ভর্তি ছিল। আজ সকালে মারা গেছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ শহীদ মিনার গলিতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজু নামের এক যুবক নিহত হয়। এসময় রেশমী গুলিতে আহত হয়। বাসা থেকে বের হয়ে পান কিনতে যাওয়ার সময় শিশুটি গুলিবিদ্ধ হয়। গুলি তার বাম চোখে লাগে।
নগরের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় নিহত রাজুর মায়ের করা মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিএস / বিআর
