হাসপাতালের সেবার মানের ক্ষেত্রে কোনও আপস নেই : শামীম

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, সবার জন্য সহজলভ্য ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করে এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে। হাসপাতালের সেবার মানের ক্ষেত্রে কোনও ধরনের আপোস করা যাবে না। রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার ( ১১ আগষ্ট ) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আওতাধীন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একসময় জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সেবার মান এতটাই উন্নত ছিল, যা অনেক সরকারি হাসপাতালের চেয়েও প্রশংসনীয় ছিল। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম, রোগীদের সুযোগ-সুবিধা এবং প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

মাহবুবের রহমান শামীম বলেন, রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য হচ্ছে দুর্যোগ ও সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানো। একইসঙ্গে সাধারণ মানুষের জন্য কার্যকর, মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। আমরা এমন একটি আগামীর বাংলাদেশ দেখতে চাই, যেখানে চিকিৎসার অভাবে কোনো মানুষের প্রাণ হারাতে হবে না, কোনো অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু হবে না এবং কোনো নবজাতক মায়ের কোল খালি করে চলে যাবে না। তিনি বলেন, আমাদের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব হচ্ছে সেই হারিয়ে যাওয়া গুণগত মান আবারও ফিরিয়ে আনা। আন্দরকিল্লা চট্টগ্রাম শহরের কেন্দ্রবিন্দু। এই এলাকায় যদি আমরা উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি, তাহলে চিকিৎসার জন্য মানুষকে অন্যত্র ছুটতে হবে না জেমিসন মাতৃসদন হাসপাতালকে আরও আধুনিক, জনবান্ধব ও আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

পরিদর্শনকালে মাহবুবের রহমান শামীম হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বাবর, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ও ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাজ সোহানী সুলতানা, হাসপাতালে প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment