দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগে দেশের বিভিন্ন পর্যায়ের ৬৯ জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
বহিষ্কৃত নেতারা রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও আসনের সঙ্গে সংশ্লিষ্ট। তাঁদের মধ্যে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক কমিটির সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারাও রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলীয় নীতিমালা ও সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য করার কারণে কেন্দ্রীয় নেতৃত্ব এ কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
