জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ অনার্স (সম্মান) ও প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদন সময়সীমা বাড়ানো হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, ভর্তি কার্যক্রমের অনলাইন আবেদন শুরু হয়েছিল ২৪ ডিসেম্বর ২০২৫ বিকেল ৪টা থেকে। পূর্বঘোষিত সময় অনুযায়ী আবেদনের শেষ তারিখ ছিল ৩১ জানুয়ারি ২০২৬, যা পরবর্তীতে ২২ দিন বৃদ্ধি করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের ভর্তিবিষয়ক নির্ধারিত ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট নিতে হবে। প্রিন্টকৃত ফরমসহ প্রাথমিক আবেদন ফি বাবদ ১,০০০ টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। এ ফি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি কলেজে প্রদান করা যাবে। ফি জমাদানের শেষ সময় ২৩ ফেব্রুয়ারি ২০২৬।
ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য কোর্সভিত্তিক আলাদা মেধাতালিকা প্রস্তুত করা হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের Prospectus / Important Notice অংশে পাওয়া যাবে।
