রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়া নারীবিদ্বেষী পোস্ট নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি।
সংবাদ সম্মেলনে বক্তব্যে বিএনপির নেতা মাহদী আমিন বলেন, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে প্রকাশিত পোস্টটি সত্য হলে তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আর যদি অ্যাকাউন্টটি হ্যাক হয়ে থাকে, তাহলে কেন বিষয়টি সঙ্গে সঙ্গে জনসম্মুখে জানানো হয়নি—সে প্রশ্নও তোলেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ১২ ঘণ্টা পর সাধারণ ডায়েরি (জিডি) করার বিষয়টি সন্দেহ তৈরি করে।
মাহদী আমিন আরও বলেন, অতীতেও জামায়াতের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। এসব ঘটনার ধারাবাহিকতায় বর্তমান ঘটনাটিকেও তিনি নারী বিদ্বেষী মানসিকতার প্রকাশ হিসেবে উল্লেখ করেন। সত্যতা প্রমাণিত হলে বিএনপি এর তীব্র নিন্দা জানায় বলে তিনি জানান।
তিনি অভিযোগ করেন, জামায়াত বরাবরই নারীদের অবমূল্যায়ন করে কথা বলে আসছে এবং এখনো পর্যন্ত কোনো নারী প্রার্থী না দিলেও নির্বাচনী প্রচারণায় নারীদের ব্যবহার করছে। পাশাপাশি বিএনপির নারী প্রচারকদের ওপর অনলাইন ও অফলাইনে হামলার অভিযোগও তোলেন তিনি।
নারীদের প্রতি অন্যায়, নিপীড়ন ও অবজ্ঞা বিএনপি কখনোই মেনে নেবে না—এমন হুঁশিয়ারিও দেন মাহদী আমিন।
এদিকে শনিবার বিকেলে জামায়াত আমির ডা. শফিকুর রহমান-এর এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট ভাইরাল হয়। পরে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম জানান, শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই ওই এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়। এর কিছুক্ষণ পরই সেখান থেকে একটি অনাকাঙ্ক্ষিত ও নারীবিদ্বেষী পোস্ট প্রকাশিত হয়।
তিনি বলেন, বিষয়টি নজরে আসার পর দলের সাইবার টিম দ্রুত কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব হয়। বিতর্কিত পোস্টটি দ্রুত সরিয়ে ফেলা হলেও এরই মধ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে অপপ্রচার শুরু হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।
