তারেক রহমান ইশতেহার ঘোষণা করবেন বিকালে

by Desh Sarakkhon
০ comments

ঢাকা অফিসঃ

বিএনপির নির্বাচনি ইশতেহার শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে। বেলা সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এ ছাড়া নির্বাচনি প্রচারের অংশ হিসেবে তারেক রহমান শনিবার ( ৭ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন। তিনি ঢাকায় শেষ জনসভা করবেন আগামী রোববার।

জানা গেছে, তারেক রহমানের এটি প্রথম নির্বাচনি ইশতেহার ঘোষণা। এতে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচালনা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেন দলের চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া। ওই সময়ে প্রতিটি নির্বাচনি ইশতেহার তিনি ঘোষণা করেছেন। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। ২০১৮ সালের একাদশ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সে সময়ে খালেদা জিয়া কারাবন্দি ছিলেন। ২০১৮ সালের ১৮ ডিসেম্বর গুলশানের লেকশোরে একাদশ সংসদ নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনও বয়কট করে বিএনপি।

ইশতেহার প্রসঙ্গে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেন, ‘বিএনপি গণমানুষের দল, তৃণমূলের ক্ষমতায়নের দল। প্রাথমিকভাবে ৩১ দফা নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত কর্মসূচি নিয়েছি। সেই জনসম্পৃক্ততার আলোকে সব শ্রেণি-পেশার মানুষের মতামতের ওপর ভিত্তি করে কিছু সংযোজন-বিয়োজন করে মানুষের সমস্যার সমাধানের জন্য, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য বিএনপি ইশেতেহার নিয়ে আসছে।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থা ও কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

দলীয় সূত্র জানায়, এবারের নির্বাচনি ইশতেহারে বিএনপির ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ এবং তরুণ ভোটারদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ইশতেহারে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডের মতো জনমুখী ও জীবনঘনিষ্ঠ সেবাসমূহ বিশেষভাবে স্থান পাবে। এ ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, মানবাধিকার রক্ষা এবং দুর্নীতিবিরোধী কাঠামো শক্তিশালীকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি থাকবে। একই সঙ্গে অর্থনীতি ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও বিশেষ দিকনির্দেশনা তুলে ধরা হবে। ইশতেহারে আলেম-ওলামা, সংখ্যালঘু সম্প্রদায় ও কৃষকদের জন্য বিশেষ অগ্রাধিকারের প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত থাকবে।

তিন জেলায় জনসভা শনিবার
নির্বাচনি প্রচারের অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলা সফর করবেন। হেলিকপ্টারে প্রতিটি জনসভায় যোগ দেবেন তিনি।

দলীয় সূত্র জানায়, তারেক রহমান ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনের প্রার্থী শাহরিন ইসলাম তুহিনের পক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। এর মাধ্যমে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে দলের প্রচারে নতুন গতি আসবে।

জানা গেছে, এদিন প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন তারেক রহমান।

প্রচারের শেষ জনসভা হবে ঢাকায়
বিএনপির চেয়ারম্যানের নির্বাচনি প্রচারের শেষ জনসভা আগামী রবিবার ঢাকায় অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ৮ ফেব্রুয়ারি নয়াপল্টন কার্যালয়ের সামনে জনসভা শুরু হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান। যদিও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেছেন, শেষ নির্বাচনি জনসভার তারিখ পরিবর্তন হতে পারে।

বিএনপির একাধিক নেতা জানান, এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভায় জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে দলের বিভিন্ন ইউনিটসহ অঙ্গসংগঠনের নেতাদের বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। জনসভায় নির্বাচনি প্রতিশ্রুতি, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় তুলে ধরবেন তারেক রহমান।

বিআর/

You may also like

Leave a Comment