রাঙামাটিতে জ্বালানি তেলের সংকট নেই : ডিসি

by Desh Sarakkhon
০ comments

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি শহরে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসন। তবে অস্বাভাবিকভাবে অতিরিক্ত তেল নেয়ার কারণে সাময়িকভাবে কিছু পাম্প ও দোকান বন্ধ থাকায় সংকটের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।

শনিবার (৭ মার্চ) সকালে জেলা প্রশাসন কার্যালয়ে বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাঙামাটির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল রকিবসহ প্রশাসনের কর্মকর্তারা এবং জ্বালানি তেল ব্যবসায়ীরা।

জ্বালানি তেল ব্যবসায়ীরা জানান, তারা সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি করছেন। কিন্তু শুক্রবার বিকেল থেকে অস্বাভাবিকভাবে অনেক চালক তেল নিতে শুরু করেন। এতে পাম্প ও দোকানে চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে না পেরে তারা সাময়িকভাবে দোকান ও পাম্প বন্ধ করে দেন।

তবে শনিবার সকাল থেকে তেল সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে এবং সরকার নির্ধারিত পরিমাণ অনুযায়ী তেল দেওয়া হচ্ছে বলেও জানান তারা।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, রাঙামাটি শহরে জ্বালানি তেলের কোনো সংকট নেই। কেউ যেন প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করেন এবং কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাম্পগুলোতে পুলিশ মোতায়েন থাকবে এবং শহরজুড়ে মাইকিং করা হবে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকতে হবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

You may also like

Leave a Comment