টেরিবাজারে অগ্নিকাণ্ড, ২ জনের মৃত্যু

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:
নগরের কোতোয়ালির বৃহৎ কাপড়ের পাইকারি বাণিজ্য কেন্দ্র টেরিবাজারের একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে দুই জন মারা গেছেন। আহত অবস্থায় একজনকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে টেরিবাজারের বক্সির বিটের কাছে অর্কিড প্লাজা নামের ১২ তলা ভবনের চতুর্থ তলার একটি দোকানে এই অগ্নিকাণ্ড ঘটে।

আগুনে নিহতরা হলেন মো. ইউনুস (৫২) ও সোলাইমান (২৮)। তাঁদের বাড়ি পটিয়া উপজেলায় বলে জানা গেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস জানায়, সকাল ১০টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টার দিকে আগুন নেভায়। আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, টেরিবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বেলা ১১টা ৫০ মিনিটে দুজনকে চমেক হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। তাঁদের মরদেহ বর্তমানে চমেকের মর্গে রয়েছে।

আলম আশেক আরও বলেন, এ ছাড়া দুপুর ১২টার দিকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া মোহাম্মদ মামুন (২৮) নামের একজনকে হাসপাতালে আনা হয়। তাঁকে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা বলেন, আগুনে অর্কিড প্লাজার চতুর্থ তলার টেইলারিং শপ, কাপড়ের দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে গেছে। ওই বহুতল ভবনের বিভিন্ন তলায় তৈরি পোশাক, টেইলারিং শপ, কাপড়সহ বিভিন্ন দোকান রয়েছে।

তিনি আরও বলেন, আগুন লাগার ফলে সৃষ্ট ধোঁয়ার কারণে তিনজন অসুস্থ হয়ে পড়েন। ভবনের পঞ্চম তলা থেকে দুজন এবং ষষ্ঠতলা থেকে একজনকে উদ্ধার করে তাঁদের হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

টেরিবাজারের ব্যবসায়ী মো. ওসমান আলী বলেন, ‘আমার দোকানের সামনেই কাপড়ের এই মার্কেটটিতে আগুন লেগেছে। কীভাবে আগুন লেগেছে, এখনো কিছু জানা যায়নি। তবে কাপড়ের দোকান হওয়ায় সেখানে কাপড়গুলো সাধারণ আয়রন করে থাকে। হয়তো সেখান থেকে এই আগুন লেগে থাকতে পারে।’

ডিএস/ বিআর

You may also like

Leave a Comment