জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের সঙ্গে একমত সংসদীয় কমিটি

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক: ঢাকা

গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র-জনতাকে আইনি সুরক্ষা দিতে জারি করা ‘দায়মুক্তি’ অধ্যাদেশ হুবহু বিল আকারে সংসদে সুপারিশে একমত হয়েছে বিশেষ কমিটি। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে আগামী ২ এপ্রিলের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক থেকে বের হওয়ার সময় এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সালহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র-জনতাকে দায়মুক্তি দেয়ার যে অধ্যাদেশ রয়েছে, তার সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি পূর্ণ একমত পোষণ করেছে। এই বীর যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।’

বৈঠক শেষে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, ‘আমরা প্রতিটি অধ্যাদেশ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করছি। আগামী ২ এপ্রিলের মধ্যে এ বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করা হবে। আমাদের মূল লক্ষ্য হলো সংবিধান এবং জন-আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে এগিয়ে যাওয়া। তবে সব ক্ষেত্রে অবশ্যই সংবিধানের প্রাধান্য বজায় থাকবে।’

আইনমন্ত্রী আরও স্পষ্ট করেন, বিশেষ কমিটির সুপারিশগুলো সরাসরি আইনে পরিণত হবে না। কমিটি তাদের মতামত ও সুপারিশ সংসদে পেশ করবে এবং সংসদই চূড়ান্তভাবে নির্ধারণ করবে সেগুলো আইনে পরিণত হবে কি না।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment