বাঘাইছড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

দল থেকে বহিষ্কার

by Desh Sarakkhon
০ comments

বাঘাইছড়ি প্রতিনিধি:

বাঘাইছড়ির পৌর যুবদলের সদস্য মো. নূর কবির (৩২) নামে এক নেতাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে বিজিবি তাকে ইয়াবাসহ আটক করে থানায় হস্তান্তর করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালত সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

গ্রেপ্তার মো. নূর কবির উপজেলার পশ্চিম মুসলিম ব্লক এলাকার মৃত জামাল হোসেনের ছেলে। সে বাঘাইছড়ি পৌর শাখার যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য।

শনিবার (২৮ মার্চ) বিজিবি জানায়, শুক্রবার রাতে মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবির একটি টহল দল ব্যাটালিয়ন সদর থেকে আনুমানিক ২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে মুসলিম ব্লক এলাকায় বিজিবি অভিযান পরিচালনা করে। এসময় মো. নূর কবির বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি তাকে আটক করে। পরে তাকে তল্লাশি করে তার থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ১টি এ্যানড্রয়েট ও ১টি বাটন মোবাইল, ১টি চার্জার এবং ১টি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়।

আটক মো. নূর কবিরকে জব্দকৃত মালামালসহ বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়।

এদিকে, বিষয়টি জানাজানি হওয়ার পর আজ শনিবার নূর কবিরকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাঘাইছড়ি পৌর শাখা আহ্বায়ক মো. নিজাম উদ্দিন ও সদস্য সচিব ওমর ফারুকের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থায়ীভাবে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে বাঘাইছড়ি পৌর শাখা যুবদলের সদস্য সচিব ওমর ফারুক বলেন, নূর কবিরকে শুক্রবার রাতে বিজিবি ১৪ পিস ইয়াবাসহ ধরেছে। আমাদের দল এরকম দুষ্টু লোক কখনো কাম্য করে না। এজন্য আমরা দলের নিয়ম অনুযায়ী আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছি। সে আমাদের পৌর যুবদলের আহ্বায়ক কমিটি সদস্য ছিল।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মজুমদার বলেন, বিজিবি আটককৃত ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আজকে (শনিবার) তাকে আদালতে পাঠানো হয়েছে।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment