সীতাকুণ্ডে আহতদের চিকিৎসায় যেন কোনও ঘাটতি না থাকে : ডিসি জাহিদ

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:

সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় গ্যাস লিকেজ দুর্ঘটনায় নিহত ও আহতদের দেখতে হাসপাতালে গেলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।

শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে এ দুর্ঘটনার পর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে খবর পেয়ে তাঁদের দেখতে হাসপাতালে যান তিনি। এসময়
জেলা প্রশাসক আহত ব্যক্তি ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিদের চিকিৎসায় যাতে কোনো ঘাটতি না থাকে, সে জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন জেলা প্রশাসক।

এ বিষয়ে হাসপাতাল প্রশাসন, কারখানার মালিকপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

জেলা প্রশাসক বলেন, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন।

তিনি বলেন, ‘যাঁরা মারা গেছেন, তাঁদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়ার জন্য ইতিমধ্যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি কারও গাফিলতি বা দায় রয়েছে কি-না তা খতিয়ে দেখতে বলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে সুপারিশসহ সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে। হাসপাতালে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন জেলা প্রশাসক। একই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment